বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ এর মাধ্যমে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে আবেদনপত্রটি পাঠানো হয়েছে। ৯ নভেম্বর ২০২৬ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে লেখা চিঠিতে ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা উল্লেখ করেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক আমাদের মক্কেলের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করার খবরের পরিপ্রেক্ষিতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।’
আইনজীবীর মাধ্যমে হাই কমিশনে পাঠানো ওই চিঠিটি রয়টার্স দেখার সুযোগ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতা’ অনুযায়ী এই আবেদনের প্রক্রিয়া জরুরিভিত্তিতে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালে দেশত্যাগের পর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত এটি। শেখ হাসিনার সহযোগীদের বরাত দিয়ে বলা হয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই তার বাংলাদেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। এর আগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। তবে শেখ হাসিনা শুরু থেকেই তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করে আসছেন।
রয়টার্স জানিয়েছে, দিল্লিতে নিযুক্ত প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া দেননি।


















