প্রবল ঘূর্ণিঝড় আকভান দ্রুত ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে পর্যবেক্ষণে দেখা যায়, আকভান ঘণ্টায় ১২ কিলোমিটার অতিক্রম করছে। তবে গতকাল মূল ঝড়টির গতি ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।
আবহাওয়াবিদদের মতে, কোনো ঝড় সাগরে দীর্ঘ সময় থাকলে ব্যান্ড ক্লাউড (ঘূর্ণিঝড় বা বড় ঝড়ের বাইরের অংশে এমন মেঘের সারি, যা দেখে ঝড়ের অগ্রভাগ বোঝা যায়) ছড়িয়ে পড়ে। আকভানের ক্ষেত্রেও তেমন হয়েছে।
‘দক্ষিণাঞ্চল থেকে পেরিফেরাল ক্লাউড (প্রান্তীয় মেঘ) দেশের মধ্যাঞ্চল পর্যন্ত ভেসে এসেছে,’ দ্য ডেইলি স্টারকে বলেন সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
এদিন সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৭৫, মোংলা থেকে ১ হাজার ১০ ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
আফরোজা বলেন, ‘ঝড়টি দীর্ঘ সময় সাগরে থাকায় এর শক্তি বাড়ছে এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এই মেঘগুলো আমাদের দিকে ভেসে আসছে।’
‘ফলে বৃষ্টির পাশাপাশি উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে,’ যোগ করেন তিনি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সকাল ১০টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে অতি ভারী বৃষ্টি বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর।
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এ কারণে আজও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশের ভেতরে উপকূলীয় নদীবন্দর এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
দুর্ঘটনা এড়াতে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাস অনুসারে, আগামীকাল ঝড়টি ভারতের উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে আগামী অন্তত ৪ দিন সারা দেশে বৃষ্টি ঝরবে।

















