১৯ নভেম্বর ২০২৬, এখন সময় সন্ধ্যা ৭:২৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আজ বিশ্ব দর্শন দিবস : শান্তিময় হোক বিশ্ব করিম মঞ্জিল

প্রতিবেদক
এ কে নাহিদ
নভেম্বর ১৯, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ

সারা বিশ্বে দর্শন শব্দটি শুনলেই বিখ্যাত দার্শনিক সক্রেটিসের কথা হিয়ার মাঝে ভেসে উঠে। তাকে পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপনকারী হিসেবে চিহ্নিত করা হয়। তিনি এমন এক দার্শনিক চিন্তাধারার জন্ম দিয়েছেন যা দীর্ঘ ২০০০ বছর ধরে পাশ্চাত্য সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। প্রাচীন গ্রিক এই মহান দার্শনিকের সম্পর্কে তথ্য লিখিতভাবে পাওয়া যায় কেবল তার শিষ্য প্লেটোর ডায়ালগ এবং সৈনিক জেনোফনের রচনা থেকে। তৎকালীন শাসকদের কোপানলে পড়ে তাকে হেমলক বিষ পানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাক সেসব কথা। আজ বিশ্ব দর্শন দিবস। প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব দর্শন দিবস’। এই দিনটি কেবল দর্শন চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং মানব চিন্তার বিকাশ, সমালোচনামূলক ও স্বাধীন চিন্তাভাবনার প্রসার এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দর্শনের স্থায়ী মূল্যকে তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরি করে দেয়। সেইসঙ্গে দর্শন যে কেবল প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয় সেটাও বিশ্বব্যাপী তুলে ধরা হয়।
ইংরেজি ফিলোসফি শব্দের বাংলা প্রতিশব্দ দর্শন। ফিলোসফি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ ‘ফিলো’ এবং ‘সোফিয়া’ থেকে, যার অর্থ ‘লাভ অব উইশডম’(জ্ঞানের প্রতি ভালোবাসা)। মূলত এই মহান শৃঙ্খলাকে সম্মান জানাতে এবং এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো এই দিবসটি উদযাপনের উদ্যোগ নেয়। উল্লেখ্য, ইউনেস্কো সর্বপ্রথম ২০০২ সালের ২১ নভেম্বর বিশ্ব দর্শন দিবস পালন করে। পরবর্তীতে ২০০৫ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার ‘বিশ্ব দর্শন দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই থেকে বিশ্বব্যাপী নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি।
বিশ্ব দর্শন দিবস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সমালোচনামূলক চিন্তা ও স্বাধীন মননের বিকাশের মাধ্যমে মানুষকে যুক্তিসঙ্গত ও স্বাধীনভাবে চিন্তা করতে উৎসাহিত করা। বিভিন্ন সংস্কৃতির মধ্যে দার্শনিক আলোচনার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও সহনশীলতা বৃদ্ধি করা। বৈশ্বিক সমস্যার দার্শনিক বিশ্লেষণের মাধ্যমে দারিদ্র্য, মানবাধিকার, বিশ্বশান্তি, গণতন্ত্র, ন্যায়-নীতি এবং পরিবেশগত সংকটের মতো সমকালীন বৈশ্বিক সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে বের করা। এজন্য দিবসটি দর্শনের শিক্ষাকে প্রবল উৎসাহ যোগাতে এবং তরুণ সমাজের মধ্যে এই বিষয়ের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বর্তমান বিশ্ব প্রযুক্তিগত দিক দিয়ে অগ্রসর হলেও প্রতিটি ক্ষেত্রে নীতিনৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড ও যুদ্ধবিগ্রহ যেন পিছু ছাড়ছে না। এর মূলে রয়েছে দর্শন শিক্ষার অভাব। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির যুগে তথ্যের সত্যতা যাচাই, যুক্তিনির্ভর বিচার ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরি করতে দর্শনের জ্ঞান অপরিহার্য। এটি মানুষকে সমালোচনামূলক চিন্তার দক্ষতা দেয়; ফলে ভুয়া তথ্য, অসহিষ্ণুতা ও চরমপন্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হয়। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখতে দর্শন চর্চা অত্যন্ত কার্যকর। একই সঙ্গে বিশ্বায়ন, পরিবেশ সংকট ও বৈষম্যের মতো জটিল ইস্যু বোঝাতে দর্শন মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। তাই টেকসই ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের জন্য দর্শন শিক্ষা অপরিহার্য। এরই আলোকে একটি বিশেষ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছর বিশ্ব দর্শন দিবস উদযাপিত হয়ে থাকে, যা সেই সময়ের গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জ ও মানবিক আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। এবারের বিশ্ব দর্শন দিবসের মূল প্রতিপাদ্য ‘দ্য ভ্যালুস অব সোসাইটিস অব দ্য ফিউচার’ বা ভবিষ্যতের সমাজের মূল্যবোধ। এই প্রতিপাদ্যটি বর্তমান বিশ্বে ফুটে ওঠা অসমতা, গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষয় এবং জলবায়ু সংকটের মুখে আমাদের সমাজগুলোর নৈতিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি পুনর্বিবেচনার জন্য জরুরি প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করে। এবারের পালিতব্য দিবসের প্রতিপাদ্য স্মরণ করিয়ে দেয়, দর্শন শুধু অতীতের দার্শনিকদের মতবাদ, তত্ত্ব কিংবা বিমূর্ত চিন্তার বিষয় নয় বরং বর্তমান পৃথিবীর সংকট অনুধাবন, মানবিক মূল্যবোধের পুনর্নির্মাণ এবং একটি বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণের অপরিহার্য বৌদ্ধিক হাতিয়ার।
সহাবস্থান বলতে কেবল একই পৃথিবীতে মানুষের বসবাসকে বোঝায় না; এর অর্থ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, ন্যায়বিচার, বৈচিত্র্যের স্বীকৃতি এবং অন্যের অস্তিত্বের অধিকারকে মর্যাদা দেওয়া। কিন্তু বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত, জাতিগত বিদ্বেষ, ধর্মীয় অসহিষ্ণুতা, অর্থনৈতিক বৈষম্য ও পরিবেশগত বিপর্যয় সহাবস্থানের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে উঠছে। অথচ মানবসভ্যতার অস্তিত্ব নির্ভর করছে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত দায়িত্ববোধের ওপর। এখানেই দর্শনের প্রাসঙ্গিকতা। সক্রেটিসের আত্মজিজ্ঞাসা, প্লেটোর ন্যায়ভিত্তিক রাষ্ট্রচিন্তা, অ্যারিস্টটলের নৈতিক জীবনদর্শন, বুদ্ধের করুণা এবং রবীন্দ্রনাথের বিশ্বমানবতার ধারণা আমাদের শেখায়, মানুষের প্রকৃত উন্নয়ন কেবল বস্তুগত সমৃদ্ধিতে নয়, বরং চিন্তা, বিবেক, সহমর্মিতা ও নৈতিকতার বিকাশে নিহিত। দর্শন মানুষকে প্রশ্ন করতে শেখায়, ভিন্নমতকে বুঝতে শেখায় এবং যুক্তির ভিত্তিতে মতপার্থক্য নিরসনের পথ দেখায়। তাই বর্তমান সংকটময় পৃথিবীতে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় দর্শনের বিকল্প নেই। ২০২৬ সালের প্রতিপাদ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণায়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বনভূমি ধ্বংস, জীববৈচিত্র্যের বিলুপ্তি এবং প্রাকৃতিক দুর্যোগ আজ মানবসভ্যতার অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশে এ সংকটের অভিঘাত আরও গভীর। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধির বিষয়গুলো আমাদের প্রতিদিনের বাস্তবতা।
দর্শনের পরিবেশনৈতিক শাখা আমাদের শেখায়, প্রকৃতি কেবল মানুষের ভোগ ও ব্যবহারের উপকরণ নয়; প্রকৃতির নিজস্ব মূল্য ও অস্তিত্বের অধিকার রয়েছে। মানুষের উন্নয়নচিন্তাকে তাই প্রকৃতির সঙ্গে সহাবস্থানের নীতিতে প্রতিষ্ঠিত করতে হবে। বর্তমান প্রজন্মের উন্নয়নের নামে ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার অধিকার ক্ষুণ্ন করা নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না। জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা তাই শুধু পরিবেশগত নয়, এটি দার্শনিক ও নৈতিক দায়িত্বও। সমসাময়িক পৃথিবীর আরেকটি বড় পরিবর্তন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, গবেষণা, শিল্প ও প্রশাসনসহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে AI নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। কিন্তু একই সঙ্গে কর্মসংস্থানের অনিশ্চয়তা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, নজরদারি, পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত, ভুয়া তথ্যের বিস্তার এবং মানুষের সৃজনশীলতা ও স্বাধীন চিন্তার ওপর প্রযুক্তির প্রভাব নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন হলো- যন্ত্র যত বুদ্ধিমান হচ্ছে, মানুষ কি ততটাই বিবেকবান হচ্ছে? কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য বিশ্লেষণ করতে পারে, কিন্তু ন্যায়-অন্যায় নির্ধারণের নৈতিক দায় মানুষেরই। প্রযুক্তির ব্যবহার কতটা মানবকল্যাণমুখী, কতটা ন্যায়সংগত এবং কতটা মানবিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ- এসব প্রশ্নের উত্তর খুঁজতে দর্শনের প্রয়োজন অনিবার্য। শিক্ষার্থীদের AI ব্যবহারে দক্ষ হওয়ার পাশাপাশি এর নৈতিক সীমা, দায়িত্বশীল ব্যবহার এবং মানবিক পরিণতি সম্পর্কে সচেতন করে তুলতে হবে। প্রযুক্তি যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে, বরং মানুষের কল্যাণে নিয়োজিত থাকে, এটাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার।
অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং জীবিকার সংকটের কারণে বিশ্বজুড়ে মানুষের অভিবাসন বাড়ছে। বাংলাদেশেও কর্মসংস্থানের জন্য বিদেশগমন এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা। অভিবাসনকে শুধু অর্থনৈতিক কিংবা প্রশাসনিক সমস্যা হিসেবে দেখলে এর মানবিক দিকটি উপেক্ষিত হয়। প্রত্যেক অভিবাসী একজন মানুষ, যার রয়েছে মর্যাদা, অধিকার, স্বপ্ন ও নিরাপদ জীবনের আকাঙ্ক্ষা। জাতি, ধর্ম, ভাষা কিংবা নাগরিকত্বের পরিচয় যেন কোনো মানুষের মৌলিক মানবিক অধিকার নির্ধারণের একমাত্র মানদণ্ড না হয়।
২০২৬ সালের বিশ্ব দর্শন দিবসের বিশেষ তাৎপর্য হলো সমকালীন সংকটগুলো মোকাবিলায় তরুণদের কণ্ঠস্বর ও চিন্তাকে গুরুত্ব দেওয়া। তরুণরাই আগামী দিনের রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান ও সংস্কৃতির নেতৃত্ব দেবে। কিন্তু শুধু প্রযুক্তিগত দক্ষতা কিংবা পেশাগত যোগ্যতা অর্জন করলেই দায়িত্বশীল নাগরিক হওয়া যায় না। প্রয়োজন যুক্তিবাদী মনন, নৈতিক সচেতনতা, মানবিক সংবেদনশীলতা এবং বৈশ্বিক দায়িত্ববোধ। এক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগগুলোর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শনচর্চাকে কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয় হিসেবে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন করার সাহস, যুক্তিনির্ভর বিতর্ক, মুক্তবুদ্ধির অনুশীলন এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে। জলবায়ু পরিবর্তন, AI-এর নৈতিকতা, অভিবাসন, স্বাস্থ্য অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক সহাবস্থান বিষয়ে পাঠচক্র, সেমিনার, বিতর্ক এবং গবেষণামূলক কার্যক্রম আয়োজন করা প্রয়োজন। শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যেন তারা তথ্যের ভিড়ে সত্য অনুসন্ধান করতে পারে, গুজব ও অপপ্রচার থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। আমরা এমন এক পৃথিবী চাই, যেখানে প্রযুক্তির অগ্রগতি মানবিক মূল্যবোধকে পরাজিত করবে না; উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস হবে না; অভিবাসী মানুষ পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবে না; স্বাস্থ্যসেবা অর্থনৈতিক সামর্থ্যের কাছে পরাজিত হবে না এবং মতপার্থক্য সংঘাতের পরিবর্তে সংলাপের মাধ্যমে সমাধান হবে। এ পৃথিবী নির্মাণের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি ও রাজনীতির পাশাপাশি দর্শনের চর্চাকেও সমান গুরুত্ব দিতে হবে। সংকটময় পৃথিবীতে সহাবস্থান প্রতিষ্ঠায় কেবল নতুন প্রযুক্তি ও নীতিমালা যথেষ্ট নয়; প্রয়োজন নতুন মানবিক দৃষ্টিভঙ্গি, নৈতিক প্রজ্ঞা ও দায়িত্বশীল চিন্তার বিকাশ। দর্শন সেই চিন্তার ভিত্তি নির্মাণ করে। এবারের বিশ্ব দর্শন দিবসের আহ্বান হোক- প্রশ্ন করি, যুক্তি দিয়ে ভাবি, মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হই এবং সম্মিলিতভাবে এমন একটি পৃথিবী গড়ে তুলি, যেখানে মানুষ, প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে প্রতিষ্ঠিত হবে ভারসাম্যপূর্ণ সহাবস্থান। তাই এই বিশ্ব করিম মঞ্জিলকে শুধু মানুষের বসবাসের উপযোগী করাই যথেষ্ট নয়; একে সব প্রাণ, সংস্কৃতি ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলাই আমাদের প্রকৃত দার্শনিক দায়িত্ব হোক। শান্তিময় হোক বিশ্ব করিম মঞ্জিল।

সর্বশেষ - আন্তর্জাতিক