পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের জিয়ারাত জেলার একটি পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে ৯ পুলিশ সদস্যকে হত্যা এবং ৫ জনকে অপহরণ করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। সোমবার সন্ধ্যার পর মাঙ্গি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জিয়ারাতের পুলিশ সুপারিনটেনডেন্ট আবদুল কুদুস পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, সোমবার সন্ধ্যার পর সশস্ত্র হামলাকারীরা অতর্কিতে পুলিশ চেকপোস্টে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে ৯ পুলিশ সদস্য নিহত হন এবং ৫ জনকে অপহরণ করে নিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার পর মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার তীব্র নিন্দা জানান। তিনি দাবি করেন, হামলাকারীরা ভারতের মদতপুষ্ট।
হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে মোহসিন নাকভি বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের হামলা সেই প্রচেষ্টাকে ব্যাহত করতে পারবে না।
আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ে সশস্ত্র সহিংসতা বেড়েছে। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তানে বালোচ লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ প্রায়ই ঘটছে।
গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক বিস্ফোরণে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত হন। পরে ২৫ জুন খারান ও মাসটাং জেলায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে বিএলএর ৮ সদস্য নিহত হওয়ার দাবি করে পাকিস্তান।
ধারণা করা হচ্ছে, ২৫ জুনের ওই অভিযানের প্রতিশোধ হিসেবেই সর্বশেষ পুলিশ চেকপোস্টে হামলা চালানো হয়েছে।
সূত্র: জিও নিউজ
















