২৭ মে ২০২৬, এখন সময় রাত ১২:৩৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

১৫ বিলিয়ন ডলারের পোর্ট সিটি প্রকল্পে বিদেশী বিনিয়োগ চায় শ্রীলংকা

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ

শ্রীলংকার রাজধানী কলম্বোয় নির্মাণ হচ্ছে বিশাল এক সমুদ্রনগরী। ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি ডলারের এ পোর্ট সিটি কলম্বো প্রকল্পের জন্য এখন বিশ্বজুড়ে বিনিয়োগকারী খুঁজছে দেশটি। এ লক্ষ্যে সম্প্রতি আন্তর্জাতিক প্রচার অভিযান শুরু করেছে শ্রীলংকা সরকার। বড় ধরনের কর ছাড় ও শতভাগ বিদেশী মালিকানার সুযোগ দিয়ে এ প্রকল্পকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থ ও বাণিজ্য কেন্দ্রে রূপান্তর করার পরিকল্পনা নেয়া হয়েছে। খবর নিক্কেই এশিয়া।

সম্প্রতি লন্ডন থেকে ব্যাংকক পর্যন্ত ধারাবাহিক রোডশো বা বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে শ্রীলংকা কর্তৃপক্ষ। গত মাসে দুবাই ও সিঙ্গাপুরে বড় ধরনের অনুষ্ঠানের পর এখন বৈশ্বিক বিনিয়োগকারীদের নজর কাড়তে চাইছে দেশটি। ভারত মহাসাগর থেকে উদ্ধার করা ২৬৯ হেক্টর জমির ওপর এ আধুনিক শহর গড়ে তোলা হচ্ছে।

এটি হবে শ্রীলংকার প্রথম মাল্টি-সার্ভিস বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)। প্রকল্পের প্রাথমিক উন্নয়নকারী প্রতিষ্ঠান সিএইচইসি পোর্ট সিটি কলম্বোর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর থুলসি আলুউইহারে বলেন, ‘অবকাঠামো নির্মাণের পর্যায় শেষ করে এ প্রকল্প এখন বাণিজ্যিক কার্যক্রম শুরু করার দিকে এগোচ্ছে। এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ২০৪১ সালের মধ্যে এ প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ার কথা রয়েছে।’

বিনিয়োগকারীদের টানতে শ্রীলংকা বেশকিছু আকর্ষণীয় সুবিধার ঘোষণা দিয়েছে। এসব সুবিধার মধ্যে রয়েছে শতভাগ বিদেশী মালিকানা এবং লভ্যাংশ নিজ দেশে নেয়ার পূর্ণ স্বাধীনতা। কৌশলগত রিয়েল এস্টেট বিনিয়োগের ক্ষেত্রে ১৫ বছর পর্যন্ত কর অবকাশ বা ট্যাক্স হলিডে সুবিধা দেয়া হচ্ছে। এছাড়া যোগ্য ব্যবসাগুলোর জন্য চার বছর মেয়াদি সাশ্রয়ী করপোরেট করহার নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।

এ প্রকল্প নিয়ে শুরু থেকেই কিছুটা বিতর্ক ছিল। ২০১৪ সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে এতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএইচইসি)। তবে আলুউইহারে জানান, এ প্রকল্পের মালিকানা পুরোপুরি শ্রীলংকা সরকারের হাতে। প্রকল্পের তদারকি করছে কলম্বো পোর্ট সিটি ইকোনমিক কমিশন।

জাপান থেকেও বিনিয়োগ পাওয়ার আশা করছে শ্রীলংকা। জাপানে নিযুক্ত শ্রীলংকার রাষ্ট্রদূত পিভিথুরু জনক কুমারসিংহে জানান, এরই মধ্যে ২০০টির বেশি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। ২০২৫ সাল থেকে টোকিও ও ওসাকায় রোডশো ও নীতিনির্ধারণী বৈঠক পরিচালনা করা হচ্ছে। এ উদ্যোগের আওতায় জাপানের সরকারি সংস্থা জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের সঙ্গেও কাজ করছে দেশটি।

সর্বশেষ - ঢাকা