নিট পোশাকের তুলনায় ওভেন পোশাকের রপ্তানিতে বেশি পতন হয়েছে। জুলাই মাসে ওভেন পোশাক রপ্তানি ৩ দশমিক ১৬ শতাংশ কমলেও নিট পোশাক রপ্তানি কমেছে শূন্য দশমিক ৯০ শতাংশ চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কম।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যের পর সম্প্রতি এক বিবৃতিতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানায়, ২০২৫ সালের জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানি ২৪ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৩ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে। সেই উচ্চ ভিত্তির তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবৃদ্ধি অর্জন স্বাভাবিকভাবেই কঠিন ছিল। সংগঠনটি বলেছে, গ্যাস সংকট, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এক মাসে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি শিল্পের সক্ষমতা ও স্থিতিস্থাপকতার পরিচয় বহন করে। ইপিবির তথ্যের বিশ্লেষণে দেখা যায়, নিট পোশাকের তুলনায় ওভেন পোশাকের রফতানিতে বেশি পতন হয়েছে। জুলাই মাসে ওভেন পোশাক রপ্তানি ৩ দশমিক ১৬ শতাংশ কমলেও নিট পোশাক রপ্তানি কমেছে শূন্য দশমিক ৯০ শতাংশ। তবে জ্বালানি নিরাপত্তাসহ কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে রপ্তানি প্রবৃদ্ধির ধারা পুনরায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করছে বিজিএমইএ।

















