আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় নিরাপত্তা শঙ্কা দেখছে বিসিবি। তাই ভারতে খেলতে যাবে না বাংলাদেশ দল। লিটনদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি লিখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ন্যক্কারজনক আচরণে সরকারের কঠোর অবস্থানের পর এমন সিদ্ধান নেয় বিসিবি। কেননা, অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও ক্রীড়াঙ্গনের কর্তাব্যক্তিরা মুস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ পরিচালনার কথা জানান। এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার বিষয়েও কথা বলেন তারা।
শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কর্তৃক মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য নির্দেশ পাঠানো হয় কলকাতা নাইট রাইডার্সকে। ভারতের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় কিছু উগ্রবাদী সংগঠনের হুমকির জেরে এ সিদ্ধান নেয় বিসিসিআই। কলকাতায় মুস্তাফিজকে নেওয়ার ফলে ফ্র্যাঞ্চাইজিটির মালিক বলিউড তারকা শাহরুখ খানকে দেশদ্রোহী, গাদ্দার বলে সম্বোধন করে বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা। এমনকি কলকাতার মাঠে যাতে বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলতে না পারে সেটার জন্য হুমকিও দেয় তারা। পরে বাংলাদেশি তারকাকে বাদ দেওয়ায় উচ্ছ্বাসও প্রকাশ করে উগ্র হিন্দুত্ববাদীরা বলেন, এটা ভারতীয়দের জয়। এ অবস্থায় ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়া কতটা নিরাপদ হবে সেটা নিয়েও চারদিকে প্রশ্ন উঠছে। ইতোমধ্যে ভারতের সাবেক তারকারা এর সমালোচনা করেছেন।
এদিকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ফুঁসে উঠেছে বাংলাদেশ। ক্ষুব্ধ হয়ে উঠেছেন দেশের ক্রিকেটভক্তরা। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। এমনকি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিন্দা ও প্রতিবাদ করে সমাজমাধ্যমে জানান, মুস্তাফিজ যেখানে চুক্তি করেও খেলতে পারে না, সেখানে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ নয়। এজন্য বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিতে বিসিবিকে আইসিসিতে চিঠি দেওয়ার নির্দেশ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

















