রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় আল-আমিন রোডের একটি বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সিয়াম (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে একজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহত সিয়াম শেখ বোরহাহউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজনের নাম জানা যায়নি।
পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার বিকেলে দুই বন্ধু মিলে পাশে বাসার ছাদে ইয়ারফোনে গান শুনছিল। এসময় কান থেকে ইয়ারফোন খুলে বাসার সামনে দিয়ে যাওয়া কারেন্টের লাইনের তারের উপরে পড়ে যায়। ওই ইয়ারফোন রড দিয়ে আনার সময় তারা দুই বন্ধু বিদ্যুৎস্পৃৃষ্ট হয়।
পরে অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


















