বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) মহাসচিব (সেক্রেটারি জেনারেল) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম।
সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি ও শিক্ষা ক্ষেত্রে তার রয়েছে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা। বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
জানা যায়, ড. মো. সাহেদুল ইসলাম যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ডিফেন্স অ্যাটাচে হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি দেশটির মর্যাদাপূর্ণ ‘লিজিওন অব মেরিট’ শীর্ষক পদকে ভূষিত হন।
সাহেদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি, এমফিল ও এমবিএ এবং ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ডিন এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ট্রেজারার ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিজিএমইএর মহাসচিবের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সাহেদুল ইসলাম বলেন, ‘দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। এ খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠনে যোগ দিতে পেরে আমি আনন্দিত।’ বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে বিজিএমইএ পর্ষদ ও সব উদ্যোক্তার সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি।
বিজিএমইএ আশা করছে, নতুন মহাসচিব তার মেধা, আন্তর্জাতিক কূটনীতির অভিজ্ঞতা ও উদ্ভাবনী নেতৃত্ব দিয়ে দেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


















