দেশের ব্যবসায়ী ও শিল্প মালিকদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হক। গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দিয়েছে। পাশাপাশি আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য মন্ত্রণালয় তাকে নির্দেশনা দিয়েছে। ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে তিনি দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই বিষয়ে ফজলুল হক বলেন, বিভিন্ন ব্যবসায়ী নেতাদের নিয়ে দুই-তিন দিনের মধ্যে ১৭-১৮ সদস্যবিশিষ্ট একটি সহায়ক কমিটি গঠন করা হবে। আশা করছি, নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন আয়োজন করা যাবে। যদিও আমি জেনেছি নির্বাচন বিষয়ে আদালতে মামলা আছে। এছাড়া কিছু জটিলতাও আছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এফবিসিসিআই’র ওই সময়ের সভাপতি মাহবুবুল আলম স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর ১১ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তাকে ১২০ দিনের মধ্যে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। হাফিজুর রহমান এক বছর দায়িত্ব পালন করলেও এফবিসিসিআইতে পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করতে পারেননি। তবে তার মেয়াদে তপশিল ঘোষণা করা হয়। তপশিল ঘোষণার পর একাধিক ব্যবসায়ী বাণিজ্য সংগঠন বিধিমালার বিভিন্ন ধারাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করলে নির্বাচন আটকে যায়। বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী এক বছরের বেশি সময় প্রশাসক রাখা যায় না। ফলে গত বছরের ১০ সেপ্টেম্বর হাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়। এরপর প্রায় দেড় মাস ফাঁকা থাকার পর গত বছরের ২ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে এফবিসিসিআইর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রায় আট মাস প্রশাসকের দায়িত্ব পালন করলেও নির্বাচনের আয়োজন করতে পারেননি। গত ২৭ জুন তাঁকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সম্প্রতি ব্যবসায়ীদের মধ্য থেকেই কাউকে এফবিসিসিআইর প্রশাসক নিয়োগ দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা।


















