শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন শু শিয়ং।
তিনি গতকাল দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্যে দিয়ে ছয় বছর ধরে প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দিয়ে আসা এরিক এম ওয়াকারের স্থলাভিষিক্ত হলেন শু শিয়ং। শেভরন বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শু শিয়ং সর্বশেষ শেভরন চায়নার এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। এ পদে তিনি কোম্পানির আপস্ট্রিম ব্যবসা ও জ্বালানি মূল্যশৃঙ্খল কার্যক্রম এবং একাধিক যৌথ উদ্যোগে পরিচালিত ব্যবসায় নেতৃত্ব দিয়েছেন।
২০০৭ সালে শেভরনে যোগদানের পর থেকে শু শিয়ং কৌশল নির্ধারণ, পূর্বাভাস, ট্রেডিং, পরিচালনা এবং পরিকল্পনাসহ বিভিন্ন ক্ষেত্রে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। তিনি শীর্ষ নেতৃত্বকে কৌশলগত পরামর্শ প্রদান, বিনিয়োগ সিদ্ধান্তে সহায়তা, নতুন বাণিজ্যিক সুযোগ বিকাশ এবং গুরুত্বপূর্ণ অংশীদার ও বাজারসংশ্লিষ্ট সম্পর্ক ব্যবস্থাপনায় ভূমিকা রেখেছেন।
শু শিয়ং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ ও ইউনিভার্সিটি অব হিউস্টন থেকে ফাইন্যান্সে বিবিএ সম্পন্ন করেন। শেভরন বাংলাদেশে নিজের নিয়োগ সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে শেভরনের তিন দশকেরও বেশি সময়ের অংশীদারত্বের উত্তরাধিকারকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।’
দেশটির বর্তমান ও ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে সহায়তা এবং এ সম্পর্ককে আরো শক্তিশালী করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’


















