জ্বালানি সাশ্রয়ে রোববার থেকে দেশের বিপণিবিতানসহ দোকানপাটের বাইরের আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল রোববার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিয়ে এই বৈঠক হয়। এতে ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা বিদ্যুৎ সাশ্রয়ে কয়েকটি পদক্ষেপ বাস্তবায়নে রাজি হন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানের বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। এসব স্থাপনায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।
কোনো দোকান বা প্রতিষ্ঠান বন্ধ করার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ডের আলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতে তারা এসব সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবেন।
বৈঠকে বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা অংশ নেন।
সাম্প্রতিক জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় উদ্যোগের অংশ হিসেবে সরকার বিভিন্ন খাতে ব্যবহার কমানোর ওপর জোর দিয়েছে।

















